শুধুমাত্র অনলাইনে বিক্রি হবে ভলভো গাড়ি

৩ মার্চ, ২০২১ ০১:০৪  
২০৩০ সাল নাগাদ শুধুমাত্র ইলেকট্রিক গাড়ি বিক্রি শুরু করবে ভলভো। অন্যান্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের আগেভাগেই গ্যাস ও ডিজেল ইঞ্জিনের গাড়ি বিক্রি বন্ধ করবে কোম্পানিটি। খবর এনগ্যাজেট। সোমবার ভলভোর এই ঘোষণার মধ্যে শুধুমাত্র অনলাইনে গাড়ি বিক্রির পরিকল্পনার কথাও জানানো হয়েছে। কোম্পানিটি ক্রেতাদের সাথে সরাসরি সম্পর্ক তৈরি এবং প্রতিবন্ধকতা দূর করতে চায়। এর আগে কোম্পানিটি ২০২৫ সাল নাগাদ ৫০ শতাংশ গাড়ি পুরোপুরি ইলেকট্রিক করার ঘোষণা দিয়েছিলো। নতুন ঘোষণা তারই বর্ধিত পরিকল্পনা। ভলভো আরও জানায়, গাড়ির মূল্য কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া ক্রেতারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার করবেন, সেটা বাড়িতে বসেই হোক কিংবা শোরুমে হোক। ভলভো স্টুডিও এবং শোরুমে গাড়িগুলো সম্পর্কে বিস্তারিত জানা ও দেখা যাবে। ডিবিটেক/বিএমটি